
ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবা এবার বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে আরও সহজবোধ্য ভাষায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজে এই ঐতিহাসিক খুতবার লাইভ অনুবাদ মোট ৩৫টি ভাষায় সম্প্রচার করা হবে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে খুতবাটি সরাসরি অনুবাদসহ প্রচার করা হবে, যাতে মুসলিম উম্মাহ নিজ নিজ ভাষায় খুতবার বার্তা বুঝতে পারে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ সুদাইস। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি।
প্রেসিডেন্সির অনুমোদিত ৩৫টি ভাষার তালিকায় রয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনীয়, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে হজের বার্তা বিশ্বব্যাপী আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সহজ হবে এবং আরাফার খুতবার ধর্মীয় ও মানবিক বার্তা ভাষাগত বাধা ছাড়াই বোঝা সম্ভব হবে।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত এই খুতবার সরাসরি সম্প্রচার নিজ নিজ ভাষায় উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :