বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাদক, ইয়াবা ব্যবসা, অবৈধ বালু উত্তোলন, মাটিকাটা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রশাসনকে কোনো ধরনের সুপারিশ, তদবির বা অজুহাত গ্রহণ না করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভূমি দখল প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক, পৌরসভার প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।