
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে।
বুধবার (২০ মে) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ মে) রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেঁচানো অবস্থায় শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহে বাহ্যিক কোনো স্পষ্ট জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক কিছু লক্ষ করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটতে পারে এবং পরবর্তীতে তাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করা হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মাদরাসা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :