পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি করা হবে গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি করা হবে গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সব আলোচনা, সুপারিশ ও নথিপত্র ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে। তিনি জানান, এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে, যার সুপারিশের ভিত্তিতে সরকারের জন্য চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে।

বুধবার (২০ মে ২০২৬) ঢাকার একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘PIMHIE Project: Learning & Sharing From Policy Reform to Newsroom Practice’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে মালিক সমিতি ও সম্পাদকদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, পূর্বের আলোচনার ধারাবাহিকতায় এবার পরামর্শক কমিটি গঠনের পরও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আবারও আলোচনা করা হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কাঠামো তৈরি করা যায়।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাষ্ট্রের অন্যান্য স্তম্ভকে জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে রাখার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যম কমিশন গঠন কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি যৌথ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমান অংশীদার হিসেবে কাজ করবে এবং একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্বও পালন করবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, গণমাধ্যম সংগঠন এবং অন্যান্য অংশীজন এই উদ্যোগে সরকারের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, গণমাধ্যম কমিশনের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ।