
দ্রুততম সময়ের মধ্যে দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে অস্থিরতার মধ্য দিয়ে গেছে। এর ফলে আর্থিক খাতের অনেক প্রতিষ্ঠানই কার্যকারিতা হারিয়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কাঠামোগত সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তিই নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা, আর আমানতের মালিক হচ্ছেন সাধারণ আমানতকারীরা। তাই ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে আর্থিক প্রতিবেদনে ব্যাপক অনিয়ম ও খামখেয়ালিপনা ছিল, যার কারণে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। তিনি আরও বলেন, সম্পদের সঠিক মূল্যায়ন না করে বড় বড় ঋণ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকগুলো খেলাপি ঋণের ভারে জর্জরিত হয়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।
তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নির্ভুল রিপোর্টিং, কঠোর তদারকি এবং স্বচ্ছ নীতিমালা বাস্তবায়নের ওপর জোর দেন।
সামিটে বক্তারা সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতকে টেকসই ও জবাবদিহিমূলক করার জন্য সমন্বিত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :