
আসন্ন ঈদুল আজহায় রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী।
বুধবার (২০ মে) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ শুরু করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই ঈদে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়।
প্রধান ঈদ জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাধারণত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন।
আপনার মতামত লিখুন :