চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন

জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষ নাগাদ পুরোদমে এই পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে বৈঠকটির আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা ও বর্তমান পরিস্থিতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

এ সময় জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নিয়মাবলী-২০১৪ হালনাগাদ করে ‘গ্যাস বিপণন নিয়মাবলী-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং সদস্যরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের সদস্যদেরও লিখিত পরামর্শ পাঠানোর আহ্বান জানানো হয়।

কমিটি জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে একটি প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।