ঘাটাইলের ধলাপাড়ায় বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি 


টাঙ্গাইল জেলা প্রতিনিধি, মোশারফ হোসেন প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ঘাটাইলের ধলাপাড়ায় বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়া বাসা থেকে কামালপুর এবং মোথাজুরি থেকে সুন্দইল পর্যন্ত সড়কগুলোর দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত এই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত চলাচলের এই সড়কগুলো দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ভ্যান ও অটোরিকশা চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

অল্প বৃষ্টিতেই রাস্তাগুলো কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হয়, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতও দুর্বিষহ হয়ে ওঠে। অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের সময় কর্দমাক্ত ও পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোতে চলাচলে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো ধরনের উন্নয়ন না হওয়ায় তিনি স্থানীয় সরকারের প্রতি দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।

স্থানীয়দের আরও অভিযোগ, এলাকাটি পাহাড়ি হওয়ায় বৃষ্টির সময় খানা-খন্দে পানি জমে কাদায় পরিণত হয়, যার ফলে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় কৃষকরাও চরম বিপাকে পড়েছেন। উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কগুলো সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে এবং শিক্ষা, কৃষি ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে।