
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানবপাচার চক্রের সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। পরে বুধবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে মানবপাচার সংক্রান্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির সদস্যরা। এ সময় মানবপাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ৯ জন আসামিকে আটক করে ডিবি পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :