খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৩


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৩

বাগেরহাটের খুলনা–মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার আব্দুল কাদের, খুলনার দাকোপ উপজেলার বাহাদুর শিকদার (৪২) এবং মনির হোসেন মুন্না (৩২)। আব্দুল কাদের মোটরসাইকেল চালক ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে একটি প্লাটিনা মোটরসাইকেলে তিন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ চালানো হলেও প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।