কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিষয়টি অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

নতুন নামকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার পরিসর ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।