এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই মিলবে সব সুবিধা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই মিলবে সব সুবিধা

সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’ নামে একটি দীর্ঘমেয়াদি ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যাতে একই ব্যক্তি বা পরিবার একাধিক ভাতা গ্রহণের সুযোগ না পান।

সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, ইউরোপ ও আমেরিকার আদলে একটি পূর্ণাঙ্গ ‘সোশ্যাল কার্ড’ ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক তথ্যভান্ডার নামে পরিচিত করা হচ্ছে। এটি চালু হলে একটি একক ডিজিটাল আইডির মাধ্যমে জানা যাবে কোন পরিবার রাষ্ট্র থেকে কী ধরনের সুবিধা পাচ্ছে। একটি কার্ড ও কিউআর কোডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই সব সামাজিক নিরাপত্তা সেবা নিতে পারবে।

তিনি আরও জানান, আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে পাইলটিং কার্যক্রম চলছে, যা আগামী জুনেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মাঠপর্যায়ের ত্রুটি চিহ্নিত করে স্থায়ী সমাধানের জন্য এই পাইলটিং করা হচ্ছে। নতুন ব্যবস্থায় মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। তবে যেসব উপকারভোগী বর্তমানে ৫০০ বা ১০০০ টাকার বয়স্ক বা বিধবা ভাতা পাচ্ছেন, তারা নতুন ফ্যামিলি কার্ড নিতে চাইলে আগের ভাতা ত্যাগ করতে হবে।

সরকার ভবিষ্যতে কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ সব সামাজিক নিরাপত্তা কার্ডকে একীভূত করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে। প্রতিমন্ত্রী বলেন, সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে ‘প্রক্সি মিনস টেস্ট’ (PMT) পদ্ধতিতে স্কোরিংয়ের মাধ্যমে অতিদরিদ্র পরিবারগুলোকে নির্বাচন করা হচ্ছে। প্রতিদিনই এ সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী চাঁদপুর থেকে এ কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন এবং আগামী জুনে তৃতীয় ধাপে আরও ১৮টি উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীর সম্পৃক্ততা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।