আত্রাইয়ের প্রাচীন সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে স্থানীয়রা—সংস্কারের দাবি জোরদার


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
আত্রাইয়ের প্রাচীন সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে স্থানীয়রা—সংস্কারের দাবি জোরদার

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী সাব-রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন বাণিজ্যিক এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জাতআমরুল রেলিব্রাদার্স তিনমাথা মোড় থেকে বিহারীপুর তিনমাথা মোড় পর্যন্ত এই সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে বর্তমান সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর উদ্যোগে সড়কটি প্রথম ইট সোলিং (এইচবিবি) করা হয়। পরবর্তীতে একই সময় এটি কার্পেটিং করে পাকা করা হলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি নথিতেও সড়কটির যথাযথ হালনাগাদ না থাকায় জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় মানুষজন যাতায়াত করে। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে। সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রির জন্য আসা মানুষজনও ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে যানবাহন চলাচল কমে যাওয়ায় প্রাচীন এই বাণিজ্যিক এলাকার দোকানপাটেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী রবিউল আওয়াল বলেন, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হয়। স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম সাফি ও শামীম হোসেনও জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আত্রাই ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দ্রুত সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি জানা আছে। প্রযুক্তিগত জটিলতা ও সরকারি রেকর্ডে আইডি সংযুক্ত না থাকায় সংস্কার প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সড়কটি একসময় তার উদ্যোগে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। তিনি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান।