বাগেরহাট সরকারি পিসি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
বাগেরহাট সরকারি পিসি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষার্থীদের মতামত উপেক্ষা ও একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তুলে বাগেরহাট সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২০ মে) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে হল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা “একনায়কতন্ত্র চলবে না”, “ছাত্রসমাজ মানবে না”, “বহিরাগতমুক্ত নিরাপদ হল চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। ন্যায্য দাবি নিয়ে কথা বললে শিক্ষার্থীদের শোকজ, ভয়ভীতি ও মানসিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী নাইম শেখ, জিএম ফায়েজ, পারভেজ হোসাইন, মিহির সাহা, মিরাজুল ও সাকিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আবাসিক হলের ছাদ চুইয়ে পানি পড়ে, ডাইনিংয়ের খাবারের মান নিম্নমানের এবং বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া কলেজ প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক সমস্যার পরিবর্তে বাহ্যিক সৌন্দর্য ও ফলের বাগান পরিচর্যায় বেশি গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন এবং দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কলেজ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী বলেন, একটি কুচক্রী মহল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করতে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।