
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী নাসরিন। সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন। এতে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক খন্দকার জিন্নাতুন নেসা মৌসুমী, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার।
বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলা চলাকালে ভূমি উন্নয়ন কর, নামজারি, কর প্রদানসহ বিভিন্ন সেবা ও পরামর্শ স্টলের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, জনবান্ধব ভূমিসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ মেলা ২১ মে পর্যন্ত চলবে। পাশাপাশি ১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানো যাবে।
আপনার মতামত লিখুন :