
নানা নাটকীয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত এই স্কোয়াডে একাধিক চমক দেখা গেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম নেইমার।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার দিবাগত রাত (বাংলাদেশ সময় ৩টা) সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন আনচেলত্তি। দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তন এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে। চোট, অস্ত্রোপচার ও ফিটনেসজনিত নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে তিনি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন তরুণ তারকা রদ্রিগো, যা ফুটবল বিশ্লেষকদের অনেককেই বিস্মিত করেছে। আনচেলত্তির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে হাইতির বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে তারা।
ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন আলিসন বেকার, এদেরসন ও ওয়েভেরতন। রক্ষণভাগে আছেন গাব্রিয়েল মাগালাইস, মার্কিনিওস, দানিলোসহ একাধিক অভিজ্ঞ ও তরুণ ফুটবলার। মিডফিল্ডে ব্রুনো গিমারেস, কাসেমিরো, ফাবিনিও ও লুকাস পাকেতার মতো খেলোয়াড়রা রয়েছেন।
আক্রমণভাগে সবচেয়ে বড় তারকা হিসেবে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, এনদ্রিক এবং দীর্ঘদিন পর ফেরা নেইমার। কোচ আনচেলত্তি জানিয়েছেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
বিশ্বকাপের আগে এই দল ঘোষণাকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। নেইমারের প্রত্যাবর্তনকে অনেকেই ব্রাজিলের শিরোপা স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।
আপনার মতামত লিখুন :