
বাগেরহাট সদর উপজেলা-এ ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত কোডেক সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাদাবন সংঘ।
অনুষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য আদান-প্রদান ও মত প্রকাশের সুযোগের পাশাপাশি ভুয়া তথ্য, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ।
বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও এর প্রয়োগ হতে হবে দায়িত্বশীলভাবে। তথ্য যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করা, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখানো এবং অনলাইন বিদ্বেষ ও সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অরিয়েন্টেশনে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন অংশগ্রহণকারীকে ডিজিটাল রাইটস, ফ্যাক্ট-চেকিং, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্বাধীনতা প্রকল্পের আওতায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :