
দেশে সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো তৈরির লক্ষ্যে একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত রেগুলেশনের অংশ হিসেবে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে জুন মাসের মধ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ প্রক্রিয়া এগোচ্ছে এবং সংশ্লিষ্ট সব অংশীজন এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যম খাতে একটি সুশৃঙ্খল ও সমন্বিত কাঠামো তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।
তথ্যমন্ত্রী জানান, খসড়া প্রস্তাবটি আগামী জুলাইয়ের মধ্যে সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় নতুন কাঠামো যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :