৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়।

এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।