৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার

আগামী পাঁচ বছরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য থাকা প্রায় পাঁচ লাখ পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য সংগ্রহ এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা তৈরির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠিও পাঠানো হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠানোর জন্য মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ করা হয়।

চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ নিশ্চিত করা। এ জন্য মন্ত্রণালয়, অধীন দপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদ চিহ্নিত করে তা পূরণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পিএসসি-র মাধ্যমে এবং সরাসরি নিয়োগযোগ্য সব শূন্য পদ ধাপে ধাপে পূরণ করা হবে।