হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে উদ্বেগজনক হারে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে। রোগীদের চিকিৎসা ব্যবস্থায় ধারাবাহিকতা নিশ্চিত করতে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দিতে হবে।

এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এই নিয়ম কঠোরভাবে মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও বলা হয়, প্রতিদিন হাম আক্রান্ত রোগীদের তথ্য স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (এমআইএস) সার্ভারে আপলোড করতে হবে, যাতে রোগের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আলাদা ওয়ার্ড চালু এবং আইসোলেশন ব্যবস্থা জোরদার করা সময়োপযোগী পদক্ষেপ। এতে হাসপাতালভিত্তিক সংক্রমণ কমানো এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।