হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৭ জন শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৫৪৪ জন। এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম আক্রান্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের বিস্তার দ্রুত বাড়ছে, যা নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি করে মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। তারা অভিভাবকদের দ্রুত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।