হান্টাভাইরাসের সন্ধানে ইঁদুর ধরছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
হান্টাভাইরাসের সন্ধানে ইঁদুর ধরছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা-এর দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া এবং আশপাশের এলাকায় হান্টাভাইরাসের সম্ভাব্য উৎস শনাক্তে ব্যাপক অনুসন্ধান শুরু করেছেন বিজ্ঞানীরা। ভাইরাসের উৎস খুঁজে বের করতে প্রায় ১৫০টি ফাঁদ বসিয়ে ইঁদুরজাতীয় প্রাণী সংগ্রহের অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি উশুয়াইয়া থেকে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় উদ্বেগ তৈরি হয় এবং ভাইরাসের উৎস শনাক্তে জরুরি গবেষণা কার্যক্রম শুরু করা হয়।

এ পরিস্থিতিতে রাজধানী বুয়েনস আয়ার্স থেকে আসা জীববিজ্ঞানীদের একটি দল তিয়েরা দেল ফুয়েগো দ্বীপে কয়েক দিনের বিশেষ গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তারা বিভিন্ন স্থানে ফাঁদ বসিয়ে ধরা পড়া ইঁদুরজাতীয় প্রাণীর শরীরে অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষা করছেন।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস অত্যন্ত বিরল হলেও প্রাণঘাতী একটি ভাইরাস। সাধারণত আক্রান্ত ইঁদুরের মূত্র, মল বা লালার সংস্পর্শে এ ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। তবে অ্যান্ডিজ ধরনের হান্টাভাইরাসে মানুষ থেকে মানুষেও সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এ রোগে আক্রান্ত হলে জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় এটি ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। বর্তমানে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত তিন দশকে তিয়েরা দেল ফুয়েগো অঞ্চলে হান্টাভাইরাসের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি। তাই গবেষকদের ধারণা, ক্রুজ জাহাজে শনাক্ত সংক্রমণ অন্য কোনো অঞ্চল থেকে ছড়িয়ে থাকতে পারে। জাহাজে আক্রান্তদের মধ্যে একজন ডাচ দম্পতিও ছিলেন, যারা গত কয়েক মাসে আর্জেন্টিনার পাশাপাশি চিলিউরুগুয়ে সফর করেছিলেন বলে জানা গেছে।