
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সহযোগিতায় সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ওভারটেকিং, উল্টো পথে যান চলাচল, পথচারীদের অসচেতনতা এবং ফুটপাত দখলসহ নানা কারণে সীতাকুণ্ডে প্রায় প্রতিদিনই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী ও এলজিইডির সদস্য সচিব মোঃ আলমগীর বাদশাহ।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। এছাড়াও বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম. এ হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মোঃ সোহেল, সীতাকুণ্ড পলিটেকনিক কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
বক্তারা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার উচ্চ হার উল্লেখ করে মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :