সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর একটি ক্ষেত্র, যেখানে অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।

সোমবার (১৮ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কাজ করছে।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে এবং উন্নয়ন কার্যক্রমকে গতি দেবে।

সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।