সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ আল মুবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মাহবুব হাসান, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা এবং এরিয়ার ভেটেরিনারি সার্জন ডা. তাজ মোহাম্মদ।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার লাভজনক ও টেকসই দুগ্ধ খামার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।