
জনসচেতনতা বৃদ্ধি ও ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-এ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। উদ্বোধনের পর একটি সচেতনতামূলক র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, একজন কৃষকের জন্য জমি শুধু সম্পদ নয়, বরং জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। অতীতে জমির খতিয়ান, নামজারি, মিউটেশনসহ বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো এবং অনেকেই দালালচক্রের শিকার হতেন। বর্তমান সরকারের উদ্যোগে ভূমিসেবা কার্যক্রম ডিজিটাল হওয়ায় এসব ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।
তিনি আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী ভূমির ওপর নির্ভরশীল। তাই ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এখন ই-নামজারি ও অনলাইন খাজনা প্রদানসহ বিভিন্ন সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে।
মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টলে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা-খতিয়ান আবেদনসহ নানা সেবার তাৎক্ষণিক সমাধান ও পরামর্শ দেওয়া হয়। এতে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :