
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলা সদরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অনুষ্ঠিত পথসভায় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরাও বিক্ষোভ মিছিল ও থানা চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
একই দাবিতে সোমবার বাদ আছর উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে।
আপনার মতামত লিখুন :