শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৯ মে)। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

সোমবার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এ মেলা।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে। তিনি জানান, ভূমিসেবায় দুর্নীতি, হয়রানি ও মামলা জট কমাতে জবাবদিহি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে সেবাব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য হচ্ছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’ তিনি বলেন, মেলার মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্তভাবে সরাসরি ভূমিসেবা গ্রহণের পাশাপাশি অনলাইনে ঘরে বসে ভূমিসেবা পাওয়ার বিষয়ে ধারণা লাভ করবেন।

মেলার মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

সংবাদ সম্মেলনে ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন পর্যায়ের অনিয়ম সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।