
বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এ জনসাধারণের চলাচলের রাস্তায় আবর্জনা ও কাঁচের টুকরা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ সদর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের দীর্ঘদিনের ব্যবহৃত একটি সরকারি সোলিং রাস্তা দিয়ে স্থানীয়রা নিয়মিত যাতায়াত করে আসছেন। তবে একই গ্রামের মৃত সোবাহান আলী শেখের ছেলে আশরাফ আলী ওই রাস্তার মালিকানা দাবি করে তা বন্ধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাস্তাটি বন্ধে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি গরুর গোবর, কাঁচের ভাঙা টুকরা, মাছের কাঁটা ও মাংসের হাড় রাস্তায় ফেলে দেন, যার ফলে পথচারীদের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
এলাকাবাসী আরও জানান, প্রায় এক বছর আগেও তিনি রাস্তাটি বন্ধ করে দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। পরে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেয়।
তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে প্রভাব খাটিয়ে আবারও রাস্তাটি বন্ধের চেষ্টা চলছে, এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী স্থানীয়রা—ওসমান আলী শেখ, হেলাল শেখ ও রেজাউল করিম বাবু—দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :