রাজধানীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজধানীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছা. লামিসা (৭)। তার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশের (ঢাকা মহানগর পুলিশ) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে। তবে ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তাকে আটক করা সম্ভব হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে এ নির্মম ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।