
জনগণকে ভূমি সেবা পেতে আর কোনো ধরনের দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সেবাগ্রহণ প্রক্রিয়াকে সহজ করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বিদ্যমান জটিলতা, হয়রানি ও দুর্নীতির অবসান ঘটাতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হবে, ফলে জনগণকে আর অযথা ভূমি অফিসে ঘুরতে হবে না বা দালালচক্রের শিকার হতে হবে না।
তিনি আরও বলেন, সরকার চায় প্রতিটি নাগরিকের ভূমিসেবা প্রাপ্তি হোক সহজ, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায়। এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা অনলাইনে আনার উদ্যোগ চলছে বলেও তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তাই ভূমি প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।
ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং নতুন ডিজিটাল সেবা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সরকারপ্রধান আরও বলেন, ভূমি খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে এবং ধাপে ধাপে পুরো ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা হবে। এতে করে হয়রানি কমবে এবং সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :