দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে সরকার। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এ নোট আগামী ১৯ মে থেকে বাজারে প্রচলন করা হবে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক-এর মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে।
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এ নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ-এর ছবি স্থান পেয়েছে। এছাড়া মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পিছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।
নোটটিতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। এছাড়া নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দৃশ্যমান হবে। নতুন নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে। পাশাপাশি সম্মুখভাগের নিচের অংশে গ্রিউইশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্ট আকারে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ মুদ্রিত রয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও যথারীতি বৈধ থাকবে। এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমানের বিশেষ নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময় অযোগ্য এ নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।
আপনার মতামত লিখুন :