বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। পারস্পরিক ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) যুক্তরাষ্ট্র সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিল-এর শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এছাড়া ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন তিনি।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ সময় পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি ও সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক সম্পর্কেও সেই নীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

‘সবার আগে বাংলাদেশ’— এ নীতির ব্যাখ্যা দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দেশ পরিচালনার নীতি অত্যন্ত স্পষ্ট। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে প্রথম ও প্রধান গুরুত্ব পাবে বাংলাদেশের স্বার্থ এবং দেশের মানুষের কল্যাণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে বিজয়ী হয়েছে এবং সরকার সেই অবস্থান থেকে কখনও সরে যাবে না। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।