বাঁশখালীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত আকলিমা নাছরিন


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম  প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
বাঁশখালীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত আকলিমা নাছরিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা নাছরিন।

মঙ্গলবার (১৯ মে) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হামিদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ অর্জনের খবর প্রকাশের পর শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর এ সাফল্যে শুভেচ্ছা প্রকাশ করে।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন আকলিমা নাছরিন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর সৃজনশীল পাঠদান পদ্ধতি, কোমল আচরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন আদর্শ শিক্ষিকা হিসেবে পরিচিত করেছে।

শিক্ষকতাকে তিনি শুধুমাত্র পেশা নয়, বরং মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাঁর এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।