
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও আধুনিকায়ন বৃদ্ধিতে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, ডুবুরি সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃজনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, দেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা প্রদান করা হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, যার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় তাদের পেশাদারিত্ব ও সাহসিকতা জনগণের আস্থা অর্জন করেছে।
জনবল বৃদ্ধি ও সংগঠন কাঠামো পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ উন্নয়নের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, সেবাকে আধুনিক ও সহজ করতে ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে ঢাকার মিরপুর ও সদরঘাটে আবাসিক ভবন নির্মাণসহ কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সরকার কাজ করছে।
অনুষ্ঠানে তিনি ফায়ার সার্ভিসের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে জানান, ২০২৫ সালে সংস্থাটি ২৭ হাজারের বেশি অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করেছে এবং হাজার হাজার দুর্ঘটনায় উদ্ধার ও সেবা কার্যক্রম সম্পন্ন করেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সদস্যকে পদক প্রদান করা হয়।
মন্ত্রী আরও বলেন, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে এই বাহিনীর অনেক সদস্য জীবন উৎসর্গ করেছেন, যা জাতির জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আপনার মতামত লিখুন :