
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী এবং পূর্বের মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার (১৮ মে) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সময়ে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযানে আরও দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইউসুফ আলী, মোঃ সুজন হোসেন (২৬), মোঃ রতন মন্ডল (৪০) ও মোঃ এনামুল হক (২৫)। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ ওয়াজেদ হোসেন ওরফে অজিদ এবং মোঃ শিপন আলীকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ীর মধ্যে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। পরে আটক সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
আপনার মতামত লিখুন :