
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা-এ নদী পেরিয়ে দীর্ঘ ধাওয়ার পর কুখ্যাত মাদক কারবারি আব্দুল সাত্তার (৫২)-কে আটক করেছে থানা পুলিশ।
গত ১৫ মে রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম। সঙ্গে ছিলেন এসআই মো. নূর আলম, এএসআই মো. সুমন মিয়া ও অন্যান্য ফোর্স।
পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুল সাত্তার পুলিশ উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় ২০–৩০ মিনিট নদী ও কাদামাটির পথ পেরিয়ে প্রায় এক কিলোমিটার ধাওয়া শেষে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আব্দুল সাত্তার উলুকান্দা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে হাতে বল্লম নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতে দেখা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল বলে স্থানীয়রা জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা, পাশাপাশি সাহসী অভিযানের জন্য কলমাকান্দা থানা পুলিশ প্রশংসিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :