
খুলনার দিঘলিয়া উপজেলা-য় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত সুজন দাস গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা এবং দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আলোচনা সভায় জানানো হয়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ কর্মসূচিতে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে। পাশাপাশি গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা ও তথ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, “ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার মতামত লিখুন :