ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় (বুধবার) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেটসহ কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২২ মে) ও শনিবার (২৩ মে) দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ দুই দিন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে বজ্রপাত ও আকস্মিক ঝোড়ো হাওয়ার কারণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।