চীনে ভয়াবহ বন্যা–ভূমিধস, নিহত অন্তত ১০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
চীনে ভয়াবহ বন্যা–ভূমিধস, নিহত অন্তত ১০

দক্ষিণ ও মধ্য চীনে টানা প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চীনা আবহাওয়াবিদদের মতে, প্রায় ১ হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছড়িয়ে পড়েছে।

দেশটির চীনের আবহাওয়া প্রশাসন (CMA) মঙ্গলবার (১৯ মে) সর্বোচ্চ পর্যায়ের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রেখেছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, চলমান এই বৃষ্টিপাত এখন তার সবচেয়ে ধ্বংসাত্মক পর্যায়ে প্রবেশ করেছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টার্স হুনান ও গুয়াংশি অঞ্চলে চতুর্থ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই ধরনের সতর্কতা বজায় রাখা হয়েছে হুবেই, চংকিং এবং গুইঝৌ প্রদেশেও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে জানা যায়, হুবেই প্রদেশের ৩৩৭টি শহরে মাত্র ৪৮ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অঞ্চলের বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

দুর্যোগে গুয়াংশি অঞ্চলে একটি পিকআপ ভ্যান পাহাড়ি ঢলে ভেসে গিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশের একটি নিচু গ্রামে আকস্মিক বন্যায় তিন জন এবং দক্ষিণ হুনান প্রদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুবেইয়ের জিংঝৌ শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, বাসিন্দারা হাঁটুসমান পানিতে চলাচল করছেন এবং কোথাও কোথাও মাছ ভেসে বেড়াতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদ্রুত এলাকায় স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্পের একীভূত প্রভাবে এই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই দিনে এই দুর্যোগ পূর্ব ও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।