
গাজীপুরের শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় বিদেশি মদ ও একটি পিকআপসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ রাসেল জানান, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপিএম) এর নেতৃত্বে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ১৭ মে ২০২৬ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানার মূলাইদ এলাকায় এমসি বাজার সংলগ্ন ডেনিম গেটের সামনে একটি ছোট পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ধানের বস্তার ভেতর লুকিয়ে রাখা ১৩২ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় আলফাজ সরকার (২০), শহীদ মিয়া (৬০), মোঃ রমজান আলী (৫০) ও মোঃ মানিক মিয়াকে (৬০)। তাদের মধ্যে দু’জনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: শ্রীপুর থানার মামলা নং-৬৩, তারিখ: ১৮/০৫/২০২৬ ইং।
আপনার মতামত লিখুন :