আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি সারাদেশে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে আত্রাই উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ভূমিসেবা এখন আর জটিল বা সময়সাপেক্ষ নয়। ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর ঘরে বসেই সম্পন্ন করা যাচ্ছে। তিনি আরও বলেন, আত্রাইয়ে কোনো নাগরিক যেন ভূমিসেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন এবং দালালচক্র রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য জনগণকে সেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজলভ্য করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের মাধ্যমে অনিয়ম ও জালিয়াতির সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলার বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।