আইটি খাতে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগকে কাঠগড়ায় মঈন খান


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আইটি খাতে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগকে কাঠগড়ায় মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৭ বছরে তথ্যপ্রযুক্তি খাত ব্যবহার করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তবে প্রযুক্তির উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা-এ আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু বড় বড় বক্তব্য দিলেই হবে না, এমন একটি কার্যকর আইটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে জনগণ সহজেই সরকারি সেবা পেতে পারে। ভূমিসেবা নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকার দেশব্যাপী ইলেকট্রনিক ভূমিসেবা চালু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ভিজিএফের চাল, শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি ড. আবদুল মঈন খান।