৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩ লাখ কোটি টাকার এডিপি পাস করা হয়েছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবারের উন্নয়ন বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, মোট এডিপির মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নসহ মোট উন্নয়ন ব্যয় দাঁড়াচ্ছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকারও বেশি।

তবে এবারের এডিপিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে থোক বরাদ্দ, যা মোট বাজেটের এক-তৃতীয়াংশেরও বেশি। বিভিন্ন মন্ত্রণালয় ও উন্নয়ন সহায়তা খাতে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, যা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠছে। কার্যপত্র অনুযায়ী, বিশেষ উন্নয়ন সহায়তা খাতে ৩৮ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক উন্নয়ন সহায়তা খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েই থোক বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত—৫০ হাজার ৯২ কোটি টাকা। এরপর শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি টাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। েমন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে স্থানীয় সরকার বিভাগ শীর্ষে রয়েছে ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা নিয়ে। দ্বিতীয় অবস্থানে আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যার বরাদ্দ ৩০ হাজার ৭৪১ কোটি টাকা।

এডিপিতে মোট ১ হাজার ১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৪৯টি বিনিয়োগ প্রকল্প, ১০৭টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৪৩টি স্বায়ত্তশাসিত প্রকল্প রয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭৭টি নতুন অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এত বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ হওয়ায় আগামীতে আরও বড় বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে—তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।