
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ঈদুল আজহার কারণে নির্ধারিত সময়সূচিতে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। কোনো ইউনিট বা সংগঠন চাইলে নির্ধারিত সময়ের দুই-একদিন পরও কর্মসূচি পালন করতে পারবে।
রুহুল কবির রিজভী বলেন, “আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা রয়েছে। এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করে, সেটিও গ্রহণযোগ্য হবে।”
তিনি আরও জানান, আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।
প্রতি বছর ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে।
আপনার মতামত লিখুন :