
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করছে। এই উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ইল ইভান বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে জানা গেছে, আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবার ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। এর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এই ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সারাদেশের ন্যায় বটিয়াঘাটাতেও মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধন একই দিনে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী করা হবে। বটিয়াঘাটা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন ও সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ, মৌজাম্যাপের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি, ভূমি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান
উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।
মেলা চলাকালীন সময়ে উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনার আয়োজন করা হবে। এতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং ভূমি আইন ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ইল ইভান বটিয়াঘাটা উপজেলার সকল মানুষকে মেলায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি ভূমিসেবা গ্রহণ এবং মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।
আপনার মতামত লিখুন :