
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-কে এক হাজার শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন হাবিবুর রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হাসপাতালটির সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি পাওয়া গেছে।
রোববার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানীর সবুজবাগ, মুগদা ও বাসাবো এলাকার জনগণের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন, মুগদা হাসপাতালকে ৫০০ থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জনকল্যাণমূলক অঙ্গীকার বাস্তবায়নের অংশ। একই সঙ্গে বেগম খালেদা জিয়া এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ডিও লেটার দেন। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দেয় এবং সর্বশেষ অর্থ মন্ত্রণালয় থেকেও চূড়ান্ত সম্মতি আসে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত শয্যা ও অবকাঠামোর কারণে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ব্যাপক চাপের মুখে কাজ করছেন।
প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ, বিশেষায়িত ইউনিট স্থাপন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ, আইসিইউ, হৃদরোগ, কিডনি, নিউরোসার্জারি ও শিশুস্বাস্থ্য বিভাগের সক্ষমতাও বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণ স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে রাজধানীর অন্যান্য বড় সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপও কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, যাবতীয় বিধি-বিধান ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ সাপেক্ষে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :