নতুন প্রাথমিক কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
নতুন প্রাথমিক কারিকুলাম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

আগামী দুই বছরের মধ্যে নতুন প্রাথমিক কারিকুলামের নকশা ও পাইলটিং কার্যক্রম সম্পন্ন করে ২০২৮ সালের মধ্যে তা দেশব্যাপী বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ

রোববার ময়মনসিংহ-এ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরে বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন কারিকুলামের মূল ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিখতে পারে। শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সেটিকেই সফলতার প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হবে।

ববি হাজ্জাজ বলেন, বর্তমান পাঠ্যবইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের জন্য যথাযথ নয়। একটি ছয় বছরের শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে তাদের শেখার আগ্রহ কমে যায়। এ কারণে ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই প্রণয়ন এবং আনন্দমুখর শেখার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা শিক্ষার মাধ্যমেই এসব বিষয় কার্যকরভাবে শিশুদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীনা ফেরদৌসী এবং দেবব্রত চক্রবর্তী

এ সময় নেপের কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।