কুষ্টিয়ায় ডিবি পুলিশের বড় সাফল্য: মাদক সম্রাট ও ক্যাসিনো এজেন্ট ইকবাল সেট গ্রেফতার!


মিরপুর উপজেলা প্রতিনিধি আশিক। প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বড় সাফল্য: মাদক সম্রাট ও ক্যাসিনো এজেন্ট ইকবাল সেট গ্রেফতার!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতোলিয়া গ্রামে অভিযান চালিয়ে ইকবাল সেট নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে এলাকায় সুদের কারবার, মাদকের পাইকারি ব্যবসা ও ক্যাসিনো সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল নিজ গ্রাম চিতোলিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার ইকবাল সেট কায়েম সেটের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইকবাল সেট এলাকায় সুদের কারবার পরিচালনা করে সাধারণ মানুষকে আর্থিকভাবে জিম্মি করে আসছিলেন। পাশাপাশি কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে মাদকের বড় চালান সরবরাহের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, তিনি গোপনে আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো সিন্ডিকেটের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং এ ধরনের কার্যক্রম পরিচালনা করতেন। ডিবি পুলিশ জানিয়েছে, ইকবাল সেটের বিরুদ্ধে আগেও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইকবাল সেট গ্রেফতার হওয়ার খবরে চিতোলিয়া, পোড়াদহসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করে বলেন, তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক ও সুদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।

তবে অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।